শনিবার ২৮শে নভেম্বর ২০২৬ | ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভার্সন

২৯শে সেপ্টেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহপ্রধান নিহত, মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ: সর্বশেষ যা জানা গেল

লেবাননে এবার সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এ জন্য সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে দেশটি। হামলা চালিয়ে দেশটির শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর এ খবর জানানো হয়েছে।

সিএনএনের খবরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রস্তুতি নিয়ে সেনা সমাবেশ ঘটালেও স্থল অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসরায়েল।

তবে লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবারের হামলায় লেবাননে ৩৩ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আল–জাজিরা।

বিবিসি বলছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫২

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন ১১৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হতাহতের তথ্য পেয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলে হামলা চালিয়েছে হুতি 

ইসরায়েলে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আল–জাজিরার খবরে বলা হয়, সংগঠনটির সামরিক শাখা জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ওই বিমানবন্দরে যখন ফিরছিলেন, তখন এই হামলা চালানো হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানিয়েছে।

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
প্রিন্ট সর্বাধিক