৪ঠা জানুয়ারি ২০২৫
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিমাগারে পাঠানোর দায় কার
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে ২০১২ সালে প্রণীত ২০ বছর মেয়াদি স্বাস্থ্য খাতের অর্থায়ন কৌশলপত্র অনুযায়ী দারিদ্র্যসীমার নিচের জনগোষ্ঠীর স্বাস্থ্য খরচের ঝুঁকি মোকাবিলা করে অতিদরিদ্রে পতিত হওয়া রোধ করতে টাঙ্গাইল জেলার কালিহাতী, ঘাটাইল ও মধুপুর উপজেলায় সামাজিক স্বাস্থ্যবিমার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) চালু করা হয়।
সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের লক্ষ্যে ২০১৬ সালের ২৪ মার্চ তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির অধীন নিবন্ধন করা প্রতিটি পরিবার বছরে ৫০ হাজার টাকার ইনপেশেন্ট চিকিৎসা (হাসপাতালে ভর্তি হয়ে যে সেবা নিতে হয়) সুবিধা পায়। এ কর্মসূচির অর্থায়নের জন্য ‘স্বাস্থ্য অর্থায়ন অপারেশনাল প্ল্যান’-এর আওতায় পরিবারপ্রতি বছরে ১ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার, যা স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এসএসকে সেলের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে দেশের দারিদ্র্যপীড়িত মানুষের জন্য বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ বঙ্গবন্ধুর মানবকেন্দ্রিক চিন্তার প্রতিফলনেরই অংশবিশেষ।










